জল অপচয় রুখতে এবং ব্যবহারের সঠিক নজরদারি চালাতে রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসানোর পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো একজন মানুষ কতটা জল ব্যবহার করছেন এবং কতটা জল নষ্ট হচ্ছে তা বিশ্লেষণ করা। তবে সাধারণ মানুষের ওপর নতুন করে কোনো কর চাপানোর জন্য এই মিটার বসানো হচ্ছে না।
পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৪০ শতাংশ জল নষ্ট হচ্ছে, যা রুখে দেওয়া প্রয়োজন। তিনি বলেন, "আমরা রাজ্যজুড়ে ওয়াটার মিটার বসাব। মানুষের উপরে কর চাপানো লক্ষ্য নয়, বরং জলের ব্যবহার এবং অপচয় বিশ্লেষণ করাই আমাদের উদ্দেশ্য।"
জল সংরক্ষণের পাশাপাশি বৃষ্টির জল ধরে রাখা, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি এবং জলের পুনঃপ্রক্রিয়াকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মন্ত্রী। দ্রুত নগরায়ণ, শিল্পের বিস্তার এবং জলবায়ু পরিবর্তনের ফলে মিষ্টি জলের উৎসের ওপর চাপ বাড়ছে, তাই এই পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার জল সংরক্ষণ নিয়ে একটি নতুন নীতি আনতে চলেছে। এই বিষয়ে আইআইটি খড়্গপুরের প্রাক্তন ডিন অশোককুমার গুপ্তাও মত দিয়েছেন। তাঁর মতে, জলাশয়ের সংস্কার এবং বর্তমান সম্পদের সঠিক ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।







