রাজ্যজুড়ে অবশেষে ফিরতে শুরু করেছে শুষ্ক ও মনোরম আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী অন্তত পাঁচ দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমছে এবং বিকেলের পর থেকে ঠান্ডা উত্তুরে হাওয়া বইতে শুরু করছে। তবে মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আপাতত পরিষ্কার ও রোদঝলমলে থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কিছুদিনের মধ্যে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে রয়েছে, যা কয়েক দিনের মধ্যে আরও ৫ থেকে ৭ ডিগ্রি কমতে পারে।
তবে এই মনোরম আবহাওয়ার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকছে। আগামী ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সম্ভাবনা বাস্তবায়িত হলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে ‘কানি’। মলদ্বীপের দেওয়া এই শব্দের স্থানীয় অর্থ ‘সুন্দরী তরুণী’ বা ‘কন্যা’।







