ভারত ও বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ গত মঙ্গলবার থেকে আটকে রয়েছেন বছর ত্রিশের এক মহিলা। অসমের কাকড়িপাড়া সীমান্তচৌকি এবং বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের জিরো লাইনে তিনি অবস্থান করছেন। সম্বল বলতে তাঁর কাছে রয়েছে কেবল একটি পাতলা কম্বল। শনিবার দুপুর পর্যন্ত এই পরিস্থিতির কোনো সমাধান হয়নি বলে জানা গিয়েছে।
BSF-এর দাবি, ওই মহিলা বাংলাদেশি এবং তিনি ভিক্ষুক সেজে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অসমে প্রবেশের চেষ্টা করছিলেন। অন্যদিকে, বাংলাদেশের দাবি অনুযায়ী, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে BSF তাঁকে পুশ-ইন করার চেষ্টা করে। তবে জামালপুর ৩৫-BGB এবং স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়, যার ফলে ওই মহিলা নো ম্যানস ল্যান্ডে থেকে যেতে বাধ্য হন।
মহিলা নিজের নাম ফুজি বেগম এবং বাবার নাম হানিফ বলে জানিয়েছেন। তবে তাঁর ঠিকানার বিষয়ে অসংগতি দেখা গিয়েছে; তিনি কখনও পিরোজপুর, কখনও ঝালকাঠি আবার কখনও বরিশালের বাসিন্দা বলে দাবি করেছেন। বর্তমানে মাটির ওপর খড় ও পাতলা কম্বল বিছিয়ে তীব্র রোদে দিন কাটাচ্ছেন তিনি। স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।







