চিনের বাজারে Xiaomi 18 Pro সিরিজের ফোনগুলি লঞ্চ হওয়ার পর এখন সংস্থার স্ট্যান্ডার্ড Xiaomi 18 মডেল নিয়ে প্রস্তুতি চলছে। এরই মাঝে Xiaomi 18 সিরিজের আরও একটি সম্ভাব্য মডেল Xiaomi 18 Max নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। টিপস্টারদের দাবি, বড় ডিসপ্লের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Qualcomm-এর পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite Gen 6 চিপসেট এবং ৮,০০০mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
Weibo-র জনপ্রিয় টিপস্টার Digital Chat Station সম্প্রতি একটি প্রিমিয়াম ডিভাইসের সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ করেছেন, যেখানে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং বড় ক্যামেরা সেন্সরের কথা উল্লেখ করা হয়েছে। যদিও টিপস্টার সরাসরি সংস্থার নাম বলেননি, তবে চিনের প্রযুক্তি সংবাদমাধ্যম MyDrivers-এর অনুমান এটি Xiaomi 18 Max হতে পারে। ফোনটির ডিজাইন হবে মিনিমালিস্টিক।
এই নতুন মডেলটি Xiaomi 17 Max-এর উত্তরসূরি হিসেবে আসতে পারে, যা চলতি বছরের মে মাসে চিনে লঞ্চ হয়েছিল। উল্লেখ্য, Xiaomi 17 Max-এ ছিল ৬.৯ ইঞ্চির ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, Leica-র ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮,০০০mAh ব্যাটারি। চিনে সেটির প্রাথমিক দাম ছিল ৪,৭৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬,৪০০ টাকা)।
ধারণা করা হচ্ছে, Xiaomi 18 Max-এর ব্যাটারি ক্ষমতা আগের মডেলের চেয়ে আরও বাড়বে এবং নতুন প্রসেসরের কারণে পারফরম্যান্স আরও উন্নত হবে। Xiaomi-র প্রিমিয়াম লাইনআপে এই ফোনটি Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max-এর নিচে অবস্থান করতে পারে। উল্লেখ্য, Pro এবং Pro Max মডেলে Snapdragon 8 Elite Gen 6 পরিবারের প্রসেসর ব্যবহৃত হয়েছে, যার মধ্যে Pro Max মডেলে থাকছে Extreme সংস্করণ। তবে Xiaomi এখনও আনুষ্ঠানিকভাবে এই ফোনটির কথা নিশ্চিত করেনি।






