মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার পাদারিয়া ছান্তা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৩৫ বছর বয়সী রাজেন্দ্র বারাউতিয়ার। মঙ্গলবার রাতে উঠোনে আগুন পোহানোর সময় প্রতিবেশী রামভগত বারাউতিয়া তাঁকে একটি বোমা দেন, যা রাজেন্দ্র রসগোল্লা মনে করে মুখে দেন। মুখে দেওয়ার মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়।
গুরুতর আহত রাজেন্দ্রকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিস্ফোরকটি আসলে শূকর মারার জন্য ব্যবহৃত বোমা ছিল।
এই ঘটনায় অভিযুক্ত রামভগতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের কাছে বিস্ফোরক কীভাবে এল এবং কেন তিনি সেটি রাজেন্দ্রকে দিয়েছিলেন, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।







