পোস্ট বিতর্ক সংক্রান্ত বিষয়ে শনিবার ভবানীপুর থানায় প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থানা থেকে বেরিয়ে তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন। অভিষেক অভিযোগ করেন, বিজেপি নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন এবং বাংলা ভাষাকে অস্বীকার করে তাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছেন। পাশাপাশি স্বামী বিবেকানন্দের বিষয়েও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলেন তিনি।
সম্প্রতি অভিষেকের বাড়ির সামনে বুলডোজার চালিয়ে কিয়স্ক ভাঙা এবং ফুটপাথ খালি করার ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিষেক বলেন, "আপনার বুলডোজার চালানোর থাকলে আমার বাড়ির উপরে চালিয়ে দেন। প্রতিশোধ নিতে হলে আমার ওপর নিন, কারণ আপনারা রাজনৈতিকভাবে লড়তে পারছেন না।"
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, বিজেপি চুরির বিরোধী এবং কেন্দ্র রাজ্য সরকারকে বিপুল সাহায্য করছে। অন্যদিকে, বিজেপি বিধায়ক সজল ঘোষ অভিষেকের মন্তব্যকে 'অসহায় আর্তনাদ' বলে অভিহিত করেন এবং প্রশ্ন তোলেন কেন তিনি বারবার কোর্টের আশ্রয় নিচ্ছেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর কালীঘাটে জন্মদিন পালন চলাকালীন পুলিশের সঙ্গে বাদানুবাদের অভিযোগে ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়ে তিনি জানান, তাঁকে যেখানেই ডাকা হোক তিনি সেখানে যাবেন, কারণ তিনি কোনো জিজ্ঞাসাবাদ এড়িয়ে চলেননি।







