ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করতে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং নেপালের জনকপুর ধামের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। রেলওয়ে বোর্ড সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী Narendra Modi এবং নেপালের প্রধানমন্ত্রী Balendra Shah ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন। নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দুই দেশের রাষ্ট্রপ্রধান যৌথভাবে এই যাত্রার সূচনা করবেন।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ট্রেনটি সপ্তাহে একদিন চলবে এবং প্রায় ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করে দুই দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে যুক্ত করবে। ভগবান রামের জন্মভূমি অযোধ্যা এবং দেবী সীতার জন্মস্থান হিসেবে পরিচিত জনকপুর ধামের মধ্যে এই সংযোগ বিশেষ তাৎপর্য বহন করে।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, ট্রেনটি নেপালের জনকপুর ধাম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্ট পর্যন্ত যাতায়াত করবে। যাত্রাপথে বাণিজ্যিক কারণে জয়গনগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি এবং মনকাপুর স্টেশনে থামবে এই ট্রেন। প্রতি শনিবার জনকপুর ধাম থেকে ট্রেনটি ছাড়বে এবং প্রতি সোমবার অযোধ্যা ক্যান্ট থেকে ফিরতি যাত্রা শুরু করবে।
এই নতুন পরিষেবা চালু হলে পুণ্যার্থী, পর্যটক, ব্যবসায়ী এবং পড়ুয়াসহ সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় হোটেল এবং হস্তশিল্প ব্যবসায়ীদেরও লাভ হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।







