কালীপুজোর বিসর্জন ঘিরে উদযাপনের মাঝেই রক্তারক্তির ঘটনা ঘটল বাঁকুড়ার লোকপুরে। বিসর্জন চলাকালীন দুই যুবকের মধ্যে সামান্য বচসা থেকে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে। তর্কাতর্কি চলাকালীন এক যুবক অন্য এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করেন, যার ফলে ওই যুবকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আদিত্য ভগত (৩০), তিনি লোকপুর এলাকারই বাসিন্দা। ঘটনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। বিবাদের এক পর্যায়ে আদিত্যকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে গ্রেপ্তার করেছে। বাঁকুড়া জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো পুরনো শত্রুতা বা আক্রোশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।







