বরানগরে তরুণী হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত ধরমবীর কুমারকে ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বারাকপুর মহকুমা আদালত। পুলিশের জেরায় অভিযুক্ত যুবক খুনের কথা স্বীকার করলেও তার উদ্দেশ্য নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। কখনও অনলাইন গেমিংয়ের সঙ্গী নির্বাচন, আবার কখনও আর্থিক লেনদেনের কথা বলে খুনের কারণ ব্যাখ্যা করছেন তিনি। পুলিশের অনুমান, তদন্তকে ভুল পথে চালিত করতেই ধৃত বারবার বয়ান পরিবর্তন করছেন।
ধরমবীরের দাবি, খুনের কোনও পূর্বপরিকল্পনা ছিল না এবং ভুল বোঝাবুঝি মেটাতেই তিনি দিল্লি থেকে এসেছিলেন। তবে ধস্তাধস্তির জেরে তরুণীর মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেছেন। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ৮ নভেম্বর হাওড়ার একটি গেস্ট হাউসে আশ্রয় নিয়েছিলেন এবং তার দু’দিন পর বরানগরের শীতলামাতা লেনে তরুণীর দিদির ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর সোনার গয়না ও মোবাইল নিয়ে ট্রেনে চেপে পালায় ধৃত। খুনের পরদিন ওই তরুণীর মোবাইল থেকেই তাঁর বাবা ও মামাতো দাদাকে WhatsApp মেসেজ পাঠানো হয় এবং মাকে ফোন করে ১৩ সেকেন্ড চুপ ছিলেন অভিযুক্ত।
পুলিশের সূত্র অনুযায়ী, শুক্রবার রাতে দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ধরমবীরকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে মোবাইল ও সোনার গয়না উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এই যুবকের সঙ্গে বছর কয়েক আগে অনলাইন গেমিংয়ের মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়েছিল। বারাকপুর কমিশনারেটের ডিসি কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি।







