বাংলাদেশের রাজধানী ঢাকার দরিদ্র ও ঘিঞ্জি এলাকার বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দি করে সেগুলিকে ভারতের রাজধানী নয়াদিল্লির বলে চিনের সমাজমাধ্যমে তুলে ধরার অভিযোগ উঠল একদল চিনা নাগরিকের বিরুদ্ধে। শুধু এলাকার ভুল পরিচয় দেওয়াই নয়, স্থানীয় বাসিন্দাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ে তাঁরা আপত্তিকর মন্তব্য করছেন বলেও জানা গিয়েছে। গণমাধ্যমের দাবি অনুযায়ী, প্রায় ১৫০ জন চিনা নাগরিক এই ধরনের কাজের সঙ্গে জড়িত রয়েছেন।
গত ৬ নভেম্বর বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই বিভ্রান্তিকর প্রচারের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরা সেক্টর ১২ এবং সংলগ্ন টেকপাড়া এলাকায় ঘুরে ঘুরে ভিডিয়ো রেকর্ডিং চালাচ্ছেন চিনা নাগরিকেরা। পরবর্তীকালে সেই সমস্ত দৃশ্য চিনের নিজস্ব নেটমাধ্যমে সরাসরি সম্প্রচার করার সময় জায়গাটিকে নয়াদিল্লি বলে দর্শকদের কাছে পরিচয় দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে ‘মিয়ানমিয়ান’ নামে এক চিনা মহিলার ঘটনার উল্লেখ রয়েছে। গত ১ নভেম্বর উত্তরা এলাকায় একটি খালের পাশে সরাসরি সম্প্রচারের সময় তিনি ওই অঞ্চলটিকে নয়াদিল্লি বলে দাবি করেন এবং সেখানকার বসতিকে অপরিচ্ছন্ন, অনুন্নত ও অস্বাস্থ্যকর বলে মন্তব্য করেন। অন্য একটি ফুটেজে ‘ওয়াং ওয়েই’ নামের আর এক চিনা নাগরিক স্থানীয় মানুষদের চা পানের দৃশ্য দেখে দাবি করেন, সেই পানীয় ‘গোমূত্র’ দিয়ে বানানো হয়েছে।
এই ঘটনা একেবারেই নতুন নয়। চলতি বছরের মে মাসেও বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ টেকপাড়া অঞ্চলে চিনা ভ্লগারদের ভিডিয়ো তৈরির বিষয়ে খবর প্রকাশ করেছিল। চিনের ‘বিলিবিলি’ ও ‘ইউকু’-র মতো সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এই সংক্রান্ত বহু কনটেন্ট পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে চিনা নাগরিকরা তাঁদের এলাকায় এসে অনুমতি ছাড়াই বসতবাড়ি, শৌচাগার ও রান্নাঘরে ঢুকে ক্যামেরা চালাচ্ছেন। এই ধরনের কাজে সহায়তার জন্য স্থানীয় মহিলাদের দৈনিক ৫০০ থেকে ১,০০০ টাকা দেওয়া হচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে।
উত্তরা পশ্চিম থানার এক পুলিশ কর্তা জানিয়েছেন, চিনা নাগরিকদের এলাকায় ভিডিয়ো করতে দেখা গেলেও তাঁদের আসল উদ্দেশ্য সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদিও এক চিনা নাগরিকের দাবি অনুযায়ী এই কাজ বাণিজ্যিক পণ্যের প্রচারের খাতিরে করা হচ্ছে, তবে বাংলাদেশের স্থানকে ভারতের রাজধানী বলে চালানো এবং ভারতীয়দের নিয়ে কটাক্ষ করার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনও সংগঠিত অপপ্রচার চক্রের প্রত্যক্ষ প্রমাণ এখনও না মিললেও বিষয়টি নিয়ে বিশদ তদন্তের দাবি উঠছে।







