স্বদেশে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশের পর এ বার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন পাঠালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর সে দেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম প্রাতিষ্ঠানিক যোগাযোগ বলে জানা গিয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে।
রয়টার্সের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, লন্ডনের আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মারফত শেখ হাসিনার আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট বিভাগ শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করায় নতুন করে নথিপত্র পাওয়ার জন্য এই আর্জি পেশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪-এর জুলাই এবং অগস্টে ছাত্র বিক্ষোভ দমনে বলপ্রয়োগের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ফলে দেশে পদার্পণ করলে তিনি গ্রেফতার হতে পারেন বলে মনে করা হচ্ছে। তবুও আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা অনড় রয়েছেন বলে দাবি করা হয়েছে। ২০২৪ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান তিনি। তাঁকে ফিরিয়ে নিতে ঢাকা বেশ কয়েকবার প্রত্যর্পণের দাবি জানালেও ভারত এখনও তা কার্যকর করেনি।
এদিকে হাসিনার এই পাসপোর্টের আবেদনকে ভালো চোখে দেখছে না বর্তমান প্রশাসন। বৃহস্পতিবার এই পদক্ষেপকে ‘হাস্যকর’ অ্যাখ্যা দিয়ে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর মন্তব্য করেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।







