দুর্গাপুজোর সময় বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বইয়ের স্টলে হুমকি ও ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনার রেশ কাটতে না কাটতেই পাল্টা উদ্যোগ নিল আলিমুদ্দিন স্ট্রিট। আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর কলকাতার বইপাড়ায় একটি ‘মিনি বইমেলা’র আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বইপাড়ায় বইয়ের আসর’।
সিপিএম-এর প্রকাশনী সংস্থা National Book Agency-র উদ্যোগে বইপাড়ার মহাবোধি সোসাইটি হলে এই আসর বসবে। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকারের বই-বিরোধী মনোভাবের জবাব দিতেই এই উদ্যোগ। উদ্যোক্তাদের দাবি, সাধারণ মানুষের সঙ্গে বইয়ের যোগাযোগ আরও নিবিড় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
এই মিনি বইমেলায় শুধু National Book Agency নয়, কলকাতার আরও বেশ কয়েকটি পরিচিত প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করবে। ফলে পাঠকরা এক ছাতার তলায় সাহিত্য, ইতিহাস এবং রাজনীতিসহ বিভিন্ন বিষয়ের বই সংগ্রহের সুযোগ পাবেন। দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ঘিরে তৈরি হওয়া বিতর্কের মোকাবিলায় বই ও পাঠাভ্যাসকে সামনে রেখেই এই সাংস্কৃতিক পরিসর তৈরির চেষ্টা করছে সিপিএম।







