দুর্গাপুরের গোপালমাঠ বাজারে খাদ্য সুরক্ষা দফতরের ধারাবাহিক অভিযানের মুখে পড়ল বেশ কিছু অসাধু ব্যবসায়ী। অভিযানে দেখা গিয়েছে, বিরিয়ানির দোকানে বাসি মশলা, পেঁয়াজ ও আলু রাখা ছিল। এছাড়া রান্নার কাজে একাধিকবার ব্যবহৃত তেল ব্যবহার করা হচ্ছিল, যা স্বাস্থ্যবিধি বহির্ভূত। মুদি দোকানগুলি থেকেও মেয়াদোত্তীর্ণ সস ও কাসুন্দি উদ্ধার করা হয়েছে।
খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শুভম ঘোষ জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি এবং খাবারে রং মেশানোর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটি বিরিয়ানির দোকানে তল্লাশি চালানোর সময় আধিকারিকরা ফ্রিজের অপরিচ্ছন্নতা এবং খোলা আলু রাখার বিষয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি জানান, অভিযানে পাওয়া মেয়াদোত্তীর্ণ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে ফেলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পুজোর আগে এই বাজারে অভিযান চালিয়ে মিষ্টি ও বিরিয়ানির দোকানে পচা খাবার এবং রান্নাঘরে বিষাক্ত পোকামাকড়ের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেই সময় ব্যবস্থা নেওয়া হলেও, পুজোর পর পুনরায় অভিযানে দেখা গেল পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি এবং ব্যবসায়ীরা আবারও পুরনো অভ্যাসে ফিরে গিয়েছেন।







