ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একাধিক বড় পরিবর্তনের ঘোষণা করল ICICI ব্যাঙ্ক। রিওয়ার্ড পয়েন্টের সুবিধা কমানো থেকে শুরু করে চার্জ বৃদ্ধি এবং বেশ কিছু বিনামূল্যে দেওয়া পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই জনপ্রিয় ব্যাঙ্কটি।
ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ২৫ নভেম্বর থেকে নির্দিষ্ট কিছু বিজনেস ও কর্পোরেট ক্রেডিট কার্ডের আন্তর্জাতিক লেনদেনের নিয়মে বদল আনা হয়েছে। Business Black Advantage, Business Blue Advantage, Travel Agent এবং Business Platinum কার্ডের ক্ষেত্রে Dynamic Currency Conversion ফি ১% থেকে বাড়িয়ে ৩.৫০% করা হয়েছে।
পাশাপাশি, কার্ড বদলের চার্জও বৃদ্ধি করা হচ্ছে। আগামী ১১ ডিসেম্বর থেকে কার্ড রিপ্লেসমেন্টের জন্য বর্তমানের ২০০ টাকার পরিবর্তে গ্রাহকদের ৩০০ টাকা এবং সঙ্গে GST দিতে হবে। তবে Emerald Private Metal, 1838 Reserve এবং Times Black ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই চার্জ বৃদ্ধি থেকে অব্যাহতি পাবেন।
সুবিধার ক্ষেত্রেও বড় ধাক্কা সামলাতে হবে গ্রাহকদের। আগামী মাসের ১৫ তারিখ থেকে নির্দিষ্ট কিছু কার্ডে বিনামূল্যে দেওয়া বিমা কভার বন্ধ হয়ে যাচ্ছে, যার মধ্যে বিমান দুর্ঘটনা বিমাও অন্তর্ভুক্ত ছিল। এই নিয়মটি Emerald Private Metal, Times Black, Emerald, Emerald Private, Diamant, Sapphiro এবং Rubyx কার্ড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। একই দিনে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে Rubyx, Coral, Expressions, MakeMyTrip Platinum, MakeMyTrip Signature, HPCL Super Saver এবং Emirates Rubyx সহ বিভিন্ন কার্ডে বিনামূল্যে INOX সিনেমার টিকিটের সুবিধাও বাতিল করা হচ্ছে।







