এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতের যুব দল। মেহেরাজুদ্দিন ওয়াডুর কোচিংয়ে শুরু হওয়া এই অভিযানে প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে পরাজিত করে আত্মবিশ্বাস বাড়িয়েছিল ব্লু-টাইগার্সরা। সেই জয়ের ধারা বজায় রেখে দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিরুদ্ধে ১২-০ গোলের বিশাল জয় ছিনিয়ে নিল ভারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারতীয় দল। মাত্র পাঁচ মিনিটের মাথায় লিও থিংবাম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৩ মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়ক দল্লালমুয়ন গাংতে এবং ২০ মিনিটে গোল করেন ঋষিকেশ চরণ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২৭ ও ৩২ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন গাংতে। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল ভারত।
দ্বিতীয়ার্ধে গুয়াম রক্ষণভাগ মজবুত করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। ডেভিডের গোলে ষষ্ঠ গোল হয়। এরপর ৫৬ মিনিটে রাজ ওয়াহেংবাম এবং ৫৭ মিনিটে ফেলিক্স সাইখম গোল করলে প্রতিপক্ষের রক্ষণ পুরোপুরি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত রাজ ওয়াহেংবাম মোট চারটি গোল করেন। এছাড়া গোল করেছেন ঋস্তিক মাইতি। গত ম্যাচের পর এই ম্যাচেও নজর কাড়েন ঋস্তিক।






