গান্ধী পরিবারকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগে বিজেপি সাংসদ Kangana Ranaut-এর বিরুদ্ধে মামলা দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। শিমলায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার করা অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার, ১৩ নভেম্বর এই FIR দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে তদন্ত শুরু হবে।
অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে অত্যন্ত উস্কানিমূলক ইঙ্গিত করেছেন কঙ্গনা। এছাড়া সনিয়া গান্ধীকে 'রহস্যময় বিদেশি নাগরিক' বলে উল্লেখ করার অভিযোগও আনা হয়েছে। পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বিদেশের একটি ক্যাফেতে সনিয়া গান্ধীর উপস্থিতির পর গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যু হয় এবং শেষ পর্যন্ত তিনি সরকারের শীর্ষ পদে পৌঁছন। এই প্রসঙ্গে 'How convenient' মন্তব্য করার পাশাপাশি সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছিল বলে অভিযোগ।
শর্মার মতে, এই ধরনের মন্তব্য নিছক রাজনৈতিক সমালোচনার বাইরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করতে পারে। তাঁর দাবি, বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইমেলের মাধ্যমে DGP-র কাছে অভিযোগ জানিয়ে তিনি দ্রুত FIR দায়ের এবং সাইবার ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছিলেন।







