হুগলির খানাকুলে এক মর্মান্তিক ঘটনায় ভাইয়ের হাতে খুন হলেন দাদা। মৃত ব্যক্তির নাম হেমন্ত রানা, যিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার রাতে খানাকুলের চুঁয়াডাঙ্গা এলাকায় বাড়ি ফেরার পথে তাঁর পথ আটকায় ভাই। অভিযোগ, এলোপাথারি ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ এবং অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
খুনের কারণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং মণ্ডলের সহ-সভাপতি বিকাশ মণ্ডলের দাবি, স্থানীয় কার্যালয়ের দখল নিয়ে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁর কথা অনুযায়ী, গত ১৬ নভেম্বর এই অশান্তির জেরে বেশ কিছু বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। তবে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রশান্ত দিগারের দাবি, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনাটি ঘটেছে।







