শনিবার সকালে কীর্ণাহারে এক মর্মান্তিক দুর্ঘটনায় অসীম চক্রবর্তী নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের বয়স ৬২ বছর এবং তিনি কীর্ণাহারের মতিপুর কলোনির বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে মাঠের ধারে শৌচকর্ম করতে গিয়েছিলেন অসীমবাবু। সেখান থেকে রেললাইন ধরে বাড়ি ফেরার সময় আহমদপুরের দিক থেকে আসা একটি লোকাল মেমু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ এবং রেল পুলিশ।
দেহ উদ্ধার এবং তদন্তের কাজ চলার কারণে কিছু সময়ের জন্য কাটোয়া-আহমদপুর প্যাসেঞ্জার ট্রেনটি কীর্ণাহার স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।







