উত্তরপ্রদেশের রায়া থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের ছতরপুরগামী ওই বাসে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনার সময় বাসে ৪০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অনেকেই ঘুমোচ্ছিলেন। পোড়া গন্ধ পাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চিৎকার শুরু করেন।
তবে চালকের তৎপরতায় দ্রুত সমস্ত যাত্রীকে বাস থেকে বের করে আনা সম্ভব হয়, যার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। রাত ১টা ৩৮ মিনিটে পুলিশ খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও দমকল বাহিনীর প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।







