মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বাংলা-বিহার সীমান্তে ট্রাক থেকে তোলাবাজির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মমতাপন্থী তৃণমূল বিধায়ক মতিবুর রহমানের নাম করে গভীর রাতে বিহার থেকে আসা মালবাহী ট্রাক আটকে টাকা তোলা হচ্ছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে ভালুকা ফাঁড়ির ওসির নেতৃত্বে পুলিশি অভিযানে এই চার ব্যক্তিকে আটক করা হয়।
ধৃতদের নাম ওমর ফারুক, রুবেল আলম, মহম্মদ জয়নুল এবং শোয়েব আক্তার। তাঁরা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা। ট্রাক চালকদের অভিযোগ, ওই চার ব্যক্তি রাস্তা আটকে নিজেদের বিধায়কের লোক বলে দাবি করেন এবং টাকা না দিলে গাড়ি ছাড়বেন না বলে হুমকি দেন। এমনকি অস্ত্র দেখিয়ে টাকা তোলার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। ট্রাক চালকরা এই বিষয়ে ভালুকা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ধৃতরা বিধায়কের নির্দেশেই এই কাজ করছিলেন বলে দাবি করেছেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দেবাশিস পাসওয়ান অভিযোগ করেছেন যে, বেশ কিছু দিন ধরেই রাতের অন্ধকারে নির্দিষ্ট জায়গায় ট্রাক আটকে টাকা তোলা হচ্ছিল এবং এর নেপথ্যে বিধায়ক মতিবুর রহমানের হাত রয়েছে। পুলিশ প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।







