ভারতের SUV বাজারে আত্মপ্রকাশের মাত্র এক বছরের মধ্যেই বিক্রির নতুন রেকর্ড গড়েছে Maruti Suzuki Victoris। দেশের যাত্রীবাহী গাড়ির বাজারে কোনও নতুন মডেলের প্রথম বছরের সর্বোচ্চ বিক্রির নজির তৈরি করল এই গাড়িটি। JATO Dynamics-এর স্বীকৃতি অনুযায়ী, দ্রুততম যাত্রীবাহী গাড়ি হিসেবে ১ লক্ষ এবং ১.৫ লক্ষ বিক্রির মাইলফলক স্পর্শ করেছে Victoris।
ডিজাইন, প্রযুক্তি এবং নিরাপত্তার প্রতিশ্রুতি রক্ষা করে এই SUV-টি ২০২৬ সালের Indian Car of the Year (ICOTY) সম্মান অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন অটোমোবাইল প্রকাশনা সংস্থা এবং ইনফ্লুয়েন্সারদের কাছ থেকেও দেশ-বিদেশে একাধিক স্বীকৃতি পেয়েছে এই মডেলটি। ১০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে এই গাড়ির দাম শুরু হয়েছে।
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে Victoris-এ চার ধরনের পাওয়ারট্রেন দেওয়া হয়েছে। সাধারণ ক্রেতাদের জন্য রয়েছে ১.৫ লিটারের চার-সিলিন্ডার Smart Hybrid পেট্রল ইঞ্জিন, যা ১০৩ PS শক্তি এবং ১৩৯ Nm টর্ক উৎপাদন করে। এর সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল অথবা প্যাডেল শিফটার-সহ ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প রয়েছে। সাশ্রয়ী যাতায়াতের জন্য রয়েছে S-CNG সংস্করণ, যার মাইলেজ ২৭.০২ কিমি/কেজি। এই মডেলে CNG ট্যাঙ্কটি বাম্পারের নিচে রাখা হয়েছে, যাতে বুট স্পেসে প্রভাব না পড়ে।
বেশি মাইলেজের জন্য ১.৫ লিটার Strong Hybrid পাওয়ারট্রেন দেওয়া হয়েছে, যা ১১৬ PS শক্তি ও ১৪১ Nm টর্ক উৎপাদন করে এবং এর মাইলেজ ২৮.৬৫ কিমি/লিটার। এছাড়া দুর্গম পথ বা পাহাড়ি রাস্তার জন্য এতে ALLGRIP SELECT 4×4 প্রযুক্তি এবং ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্স যুক্ত করা হয়েছে।







