হাওড়ার চৌধুরী পাড়ার বাসিন্দা শ্রেয়সী ভট্টাচার্যের আদরের পোষ্য দেশি কুকুরটি গত ৭ নভেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ। ওইদিন শ্রেয়সী বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, বাইরে বাজির তীব্র শব্দে আতঙ্কিত হয়ে ১৪ বছর বয়সী দুর্বল কুকুরটি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে শ্রেয়সী দেখেন তাঁর দুই পোষ্যের মধ্যে একটি নিখোঁজ।
নিখোঁজ কুকুরটি আকারে ছোট, গায়ের রঙ কালো ও হালকা বাদামি এবং পায়ে সাদা পাঞ্জা রয়েছে। পোষ্যের খোঁজে ইতিমধ্যেই চৌধুরী পাড়া, ভট্টাচার্য পাড়া, রামরাজাতলা, ষষ্ঠীতলা এবং পল্লব পুকুর সহ বিভিন্ন এলাকায় ফোন নম্বরসহ পোস্টার লাগিয়েছেন শ্রেয়সী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পাশাপাশি স্থানীয় থানায় এই বিষয়ে জানানো হয়েছে।
প্রিয় পোষ্যের সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন তিনি। শব্দবাজির কারণে অবলা প্রাণীদের যে দুর্ভোগ হয়, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করে আগামী বছর থেকে শব্দবাজি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কাছে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন শ্রেয়সী।







