বাল্যবিবাহ রুখতে নবান্নের নতুন উদ্যোগ। এবার থেকে ‘রূপশ্রী’ প্রকল্পের আবেদনকারীদের বয়স যাচাই করার জন্য ‘কন্যারত্ন’ প্রকল্পের তথ্যভাণ্ডার ব্যবহার করবে রাজ্য সরকার। ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ে যাতে এই প্রকল্পের আর্থিক সহায়তা না পায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রূপশ্রী প্রকল্পের আবেদনকারীদের তথ্যের সঙ্গে কন্যারত্ন প্রকল্পের তথ্যের মেলবন্ধন ঘটিয়ে বয়স যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যার জন্য পাত্রীর বয়স অন্তত ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্রীদের অষ্টম শ্রেণি থেকে বার্ষিক সহায়তা দেওয়া হয় কন্যারত্ন প্রকল্পে। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করে অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে এবং বয়স ১৮ বছর হলে এককালীন ২৫ হাজার টাকা অনুদান পাওয়া যায়, যা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের ধারণা, এই দুই প্রকল্পের তথ্য মিলিয়ে দেখলে আবেদনকারীর প্রকৃত বয়স নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে যাদের বয়স ১৮ থেকে ২০ বা ২১ বছরের মধ্যে, তাঁদের তথ্যের ওপর বেশি জোর দেওয়া হবে। তবে যারা কন্যারত্ন প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের ক্ষেত্রেও বয়স সংক্রান্ত নথিপত্র গুরুত্ব সহকারে যাচাই করা হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, একটি সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে যে পূর্বতন সরকারের আমলে ‘কন্যাশ্রী’র (কন্যারত্নের আগের নাম) এককালীন ২৫ হাজার টাকা পাওয়ার আগেই অনেকে রূপশ্রী প্রকল্পের সহায়তা পেয়ে গিয়েছিলেন। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সরকারি আর্থিক সহায়তা নিয়ে বিয়ে করেছিলেন অনেকে। ফলে এখন থেকে জেলা প্রশাসন খতিয়ে দেখবে যে একই আবেদনকারী দুটি আলাদা প্রকল্পে ভিন্ন ভিন্ন বয়স উল্লেখ করছেন কি না।
জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের হার বেশি বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই সমস্যা মোকাবিলায় জেলাভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে, যা নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর খতিয়ে দেখবে। এছাড়া আগামী ২৭ নভেম্বর রাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ব্যাপক প্রচার ও সচেতনতা কর্মসূচি চালানো হবে।







