নেতাজিনগর থানা এলাকায় সঞ্জীব বেরা নামের এক নিরাপত্তারক্ষীকে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনাটি ঘটে। আহত নিরাপত্তারক্ষীর মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে এবং তাঁকে বেশ কিছু সেলাই দিতে হয়েছে। ঘটনার পর তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত নারায়ণচন্দ্র দত্ত গড়িয়ার বাসিন্দা। তাঁর স্ত্রীর সঙ্গে ওই নিরাপত্তারক্ষীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন তিনি। গত চার বছর ধরে ওই দম্পতি আলাদা থাকছিলেন এবং এই সময়ের মধ্যেই ওই তরুণী নিরাপত্তারক্ষীর প্রেমে পড়েছেন বলে মনে করেন নারায়ণ। সম্প্রতি এই সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্য জানতে পেরে তিনি ক্ষিপ্ত হন এবং বৃহস্পতিবার রাতে সঞ্জীব বেরার ওপর চপার নিয়ে চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।







