ইসলামাবাদে আয়োজিত 'পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬'-এ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী বার্তা দিয়েছেন। তিনি Goldman Sachs-এর একটি মূল্যায়নের কথা উল্লেখ করে জানান, ২০৭৫ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। তবে প্রধানমন্ত্রী নিজেই এই সময়সীমার সংশোধন করে বলেন, ইনশাআল্লাহ, ২০৫০ সালের আগেই এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।
দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, ঋণের চাপ এবং রাজনৈতিক অস্থিরতার কথা স্বীকার করে তিনি জানান, পথটি দীর্ঘ ও কঠিন হলেও তাঁরা থেমে থাকবেন না। খনিজ সম্পদ খাতকে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন হিসেবে দেখছে পাকিস্তান সরকার। তিনি জানান, পাকিস্তানের ভূগর্ভে সোনা, তামা এবং অন্যান্য মূল্যবান খনিজের বিপুল সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তানে খনিজ খনন, প্রক্রিয়াকরণ এবং উৎপাদন করে তা বিশ্ববাজারে রপ্তানি করতে হবে। শুধু কাঁচা খনিজ রপ্তানি করে লাভ হবে না, বরং দেশের ভেতরেই শিল্প গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।
Goldman Sachs-এর ২০২২ সালের ওই প্রতিবেদনে জনসংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনাকে এই পূর্বাভাসের মূল কারণ হিসেবে দেখানো হয়েছিল। ওই তালিকায় চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ার পরে পাকিস্তানের নাম ছিল। তবে এই লক্ষ্যপূরণের জন্য উপযুক্ত নীতি ও প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি বলেও উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিশ্বাস করেন, দেশের শিক্ষিত ও দক্ষ যুবসমাজই এই লক্ষ্য অর্জনে প্রধান ভূমিকা পালন করবে। বর্তমানে রেকো ডিকের মতো বড় প্রকল্প এবং জাতীয় খনিজ তথ্য কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে ভূতাত্ত্বিক তথ্য ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।







