ভারত মণ্ডপমে মন্ত্রীদের সঙ্গে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার এক বৈঠকে সাধারণ মানুষকে সঞ্চয় ও আর্থিক নিয়মানুবর্তিতা শেখানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতি কেবল ভোগবিলাসের নয়, তাই সাধারণ মানুষকে অর্থ সঞ্চয়ের বিষয়ে সচেতন করতে হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। তবে এই সাফল্য ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি সতর্ক করে বলেন, যদি দরিদ্র মানুষদের আর্থিক নিয়মানুবর্তিতা শেখানো না হয়, তবে তাঁদের এই উন্নতি ব্যর্থ হতে পারে এবং তাঁরা পুনরায় দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন। বৈঠকে ২০১৪ সালে সংসদের সেন্ট্রাল হলে দেওয়া তাঁর প্রথম বক্তব্যের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার গরিবদের সরকার।
পাশাপাশি, দেশের যুবপ্রজন্মকে মাদকের প্রভাব থেকে সুরক্ষিত রাখার বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, যেভাবে নকশালবাদকে দেশ থেকে নির্মূল করা হয়েছে, ঠিক একইভাবে মাদকের সমস্যাকেও সমূলে উৎপাট করতে হবে।







