পুরুলিয়ার সাঁতুড়ি থানা এলাকার মাড়বেদিয়াতে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়ক ধরে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় বাড়ির দুই বাসিন্দা গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত সকালে ডাম্পারটি প্রথমে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এবং এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রচণ্ড ধাক্কায় বাড়ির একাংশ ধসে পড়লে ইট ও মাটির স্তূপের নিচে আটকে পড়েন দুই বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁতুড়ি থানার পুলিশ। জেসিবি-র সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং গাড়িটিকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পলাতক, যার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর ওই এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাজ্য সড়ক দিয়ে দিনরাত বেপরোয়া গতিতে ডাম্পার চলাচল করে, যা প্রশাসনের নজরে আনলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।







