হাওড়ার কাজীপাড়ায় ছটপূজার আগে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গবাসীর সংস্পর্শ থেকে 'নাস্তিক' কমিউনিস্ট এবং 'জামাত' তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখা হবে। তিনি স্পষ্ট জানান, এই দলগুলো যাতে রাজ্যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন।
বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ৩৪ বছর শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে দক্ষ হলেও তিলক পরার কথা বললে মুখ ফিরিয়ে নেয়। প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে রামনবমী ও অন্যান্য হিন্দুধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তবে বর্তমানে এই সমস্যা আর নেই বলে দাবি করেন শুভেন্দু। নন্দীগ্রাম উপনির্বাচন এবং মুর্শিদাবাদের রেজিনগরের জয়ের উদাহরণ টেনে তিনি জানান, সংখ্যালঘুরাও এখন সরকারের পাশে রয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংস করার অভিযোগ আনেন তিনি। শুভেন্দুর দাবি, ওই সরকার বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষকে বহিরাগত বললেও 'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের' সব সুযোগ-সুবিধা দিত। পাশাপাশি, গত ১৫ বছরে তৃণমূল ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি অবৈধভাবে দেশের বাইরে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে বাঁকুড়ার রায়পুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জঙ্গলমহলের উন্নয়নের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, বাম ফ্রন্ট ও তৃণমূল—উভয় আমলেই আদিবাসী-অধ্যুষিত এই অঞ্চল বঞ্চিত ছিল। গত অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি খরচের সমালোচনা করে তিনি ঘোষণা করেন, চলতি অর্থবর্ষের বাকি আট মাসে এই পর্ষদের মাধ্যমে জঙ্গলমহলের উন্নয়নে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে। এছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বোর্ড গঠনের কাজ শেষ হবে বলে জানান তিনি।







