অনেকেরই অভিযোগ থাকে যে রুটি বানানোর কিছুক্ষণের মধ্যেই তা শক্ত হয়ে যায়, যার ফলে খাওয়ার সময় অসুবিধা হয়। তবে রান্নাঘরের কয়েকটি সহজ কৌশল মেনে চললে দীর্ঘক্ষণ রুটি নরম ও সুস্বাদু রাখা সম্ভব।
নরম রুটির প্রথম শর্ত হলো সঠিক উপায়ে আটা মাখা। আটা মাখার সময় একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল মেশানো উচিত। অন্তত ৮-১০ মিনিট ধরে ভালো করে মাখলে মণ্ড মসৃণ হয়, যা রুটি নরম করতে সাহায্য করে। আটা মাখার পর সঙ্গে সঙ্গে বেলতে শুরু না করে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট রেখে দেওয়া প্রয়োজন, যাতে আটা জল ভালোভাবে শুষে নিতে পারে।
রুটি সেঁকার ক্ষেত্রে মাঝারি আঁচে দু’পিঠ ভালোভাবে সেঁকে নেওয়া জরুরি। তাওয়ায় খুব বেশিক্ষণ রুটি রাখলে ভিতরের আর্দ্রতা কমে গিয়ে তা শক্ত হয়ে যেতে পারে। সেঁকার পর সামান্য ঘি বা তেল মাখিয়ে নিলে নরম ভাব বজায় থাকে।
সংরক্ষণের ক্ষেত্রে রুটি খোলা জায়গায় না রেখে পরিষ্কার কাপড়ে মুড়ে গরম রাখার পাত্রে রাখা উচিত। প্রতিটি রুটি তৈরির পর তা ঢেকে রাখা প্রয়োজন, যাতে বাতাস লেগে দ্রুত শুকিয়ে না যায়। আটা মাখা থেকে সংরক্ষণ—প্রতিটি ধাপে যত্ন নিলেই রুটি থাকবে দীর্ঘক্ষণ নরম।







