রাজস্থানের উদয়পুরের NH-58-এর অন্তর্গত চিরওয়া টানেলের ভেতরে বাজি পোড়ানোর এক বিপজ্জনক ঘটনা সামনে এসেছে। টানেলের ভেতরে হঠাৎ বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন চালকরা এবং অনেকেই গাড়ি থামিয়ে দেন। এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে টানেলের ভেতরে বাজি ফাটান। সূত্রের খবর, তাঁরা একই পরিবারের সদস্য। টানেলের ভেতরে সীমিত বায়ু চলাচলের কারণে এই ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
নেটিজেনরা এই দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেছেন। অনেকে একে 'জিরো সিভিক সেন্স' বলে অভিহিত করেছেন এবং অভিযুক্তদের মোটা জরিমানা করার পাশাপাশি লাইসেন্স বাতিলের দাবি তুলেছেন। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।







