উত্তরপ্রদেশের বালিয়া জেলার মুদিয়ারি গ্রামে প্রতিমা বিসর্জনের সময় ডিজে-র তীব্র শব্দের প্রভাবে ২০ দিন বয়সি এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির সামনেই একটি ট্রাকে করে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। শব্দ কমানোর এবং ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ তা গ্রাহ্য করেনি।
জানা গিয়েছে, শিশুটির মা রিমা দেবী তাঁর কুঁড়েঘরে ঘুমচ্ছিলেন। প্রবল শব্দের কারণে হঠাৎ শিশুটি কাঁদতে শুরু করে এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির পিসির কথায়, শ্বশুরবাড়িতে দেখাশোনার লোক না থাকায় রিমা দেবী তাঁর কন্যাকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন এবং গত ১০ দিন ধরে সেখানেই ছিলেন তাঁরা।
এই মর্মান্তিক ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। ডিএসপি জয় শংকর জানিয়েছেন, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ডিজে সরঞ্জামসহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।







