রাজ্যের স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। সূত্রের খবর, বদলির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব এবার স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে সরাসরি শিক্ষা দপ্তর নিজের হাতে নিতে চাইছে। মূলত গ্রাম ও শহরের স্কুলগুলিতে শিক্ষক এবং পড়ুয়াদের সংখ্যার ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, নতুন এই নীতিতে উৎসশ্রী পোর্টাল এবং ২০১২, ২০১৫ ও ২০১৮ সালের পুরনো বদলি বিধিতে ব্যাপক পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে 'সারপ্লাস টিচার' বা অতিরিক্ত শিক্ষক এবং একক শিক্ষক বিশিষ্ট স্কুলগুলির তথ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, নতুন নিয়মে শিক্ষকদের নিজেদের পছন্দমতো তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ আর না-ও থাকতে পারে। তবে লক-ইন পিরিয়ডের সময়সীমা কত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং রাজ্য সরকার এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে। সব দিক খতিয়ে দেখে শুভেন্দু অধিকারীর সরকার এই নতুন বদলি নীতি ঘোষণা করতে পারে, যা চলতি বছরের মধ্যেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ সময় বন্ধ থাকার পর কয়েক মাস আগে পুনরায় শিক্ষক-শিক্ষিকাদের জন্য উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হয়েছিল। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বিশেষ পরিস্থিতিতে এবং স্কুলগুলিতে শিক্ষক ও গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়ার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়েছিল। যদিও জানানো হয়েছিল যে আগের নিয়ম অনুযায়ী অনলাইন আবেদন করা যাবে, তবে এবার নতুন নীতি প্রণয়ন করে উৎসশ্রী পোর্টালকে নতুনভাবে সাজাতে চলেছে সরকার, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







