ঘূর্ণিঝড় 'মুরাসু'-র প্রভাব কাটার পর পশ্চিমবঙ্গে হেমন্তের ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো পর্যন্ত রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং হালকা শীতের ভাব বজায় থাকবে। তবে কালীপুজোর পরদিনই আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পুবালি বাতাস এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে সোমবার থেকে পুনরায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। এ ছাড়া সোম ও মঙ্গলবার কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টি কম থাকবে। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।







