উৎসবের মরশুমে অজানা পার্সেল বা অপ্রত্যাশিত উপহার ডেলিভারির নামে বড়সড় আর্থিক বিপদের ঝুঁকি তৈরি হচ্ছে। ‘ফেস্টিভ ডেলিভারি স্ক্যাম’ বা ভুয়ো পার্সেল প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করেছে কলকাতা পুলিশ। সাইবার বিশেষজ্ঞদের মতে, প্রতারকেরা নিজেদের ডেলিভারি এজেন্ট পরিচয় দিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কিং সংক্রান্ত বিবরণ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, প্রতারকেরা অচেনা পার্সেল পাঠানো, হঠাৎ উপহার দেওয়ার কথা বলা কিংবা ক্যাশ অন ডেলিভারি (COD) পার্সেল পৌঁছে দেওয়ার বাহানা করছে, যার কোনও অর্ডারই গ্রাহক আগে করেননি। কখনও প্রতারকরা সরাসরি বাড়িতে পৌঁছে যাচ্ছে, আবার কখনও ফোন, এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে। পার্সেল নেওয়া বা বাতিল করার জন্য সামান্য অর্থ দাবি করে তারা অচেনা লিঙ্ক পাঠাচ্ছে বা QR কোড স্ক্যান করতে বলছে।
এই ধরণের ফাঁদে পা দিলেই ফোনে ক্ষতিকর অ্যাপ ইনস্টল হতে পারে, ইউপিআই পেমেন্ট অনুমোদিত হয়ে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে পারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপনীয় তথ্য চুরি হতে পারে। পুলিশের মতে, আসল ডেলিভারি সংস্থার ওয়েবসাইটের মতো দেখতে ভুয়ো লিঙ্ক তৈরি করে গ্রাহকের আধার, প্যান নম্বর ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ছক কষা হচ্ছে।
কলকাতা পুলিশ পরামর্শ দিয়েছে, যে জিনিসের অর্ডার দেওয়া হয়নি তা গ্রহণ বা তার জন্য অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে। পরিবারে অন্য কেউ অর্ডার করেছেন কি না তা আগেই নিশ্চিত হওয়া প্রয়োজন। কোন বৈধ সংস্থা পার্সেল বাতিলের জন্য মেসেজে QR কোড, লিঙ্ক বা আগাম টাকা দাবি করে না। হঠাৎ উপহার এলে প্রেরকের নির্ভরযোগ্য নম্বরে ফোন করে যাচাই করা উচিত। অসাবধানতায় টাকা খোয়া গেলে অবিলম্বে জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ নম্বরে কল করার পাশাপাশি পোর্টালে অভিযোগ জানাতে এবং ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।







